কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা এ সিদ্ধান্তের কথা জানায়।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুমান আহমদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কমলগঞ্জের ছাত্ররাজনীতিতে রুমান আহমদ পরিচিত মুখ। সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব একটি পরিচিতি গড়ে তুলেছেন। তাঁর রাজনৈতিক পথচলা ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে পরিচিতজন ও সমর্থকদের মধ্যে আলোচনা রয়েছে।
তাঁর অব্যাহতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর পরিচিতজন, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে এ সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কেউ কেউ তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা উল্লেখ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি নিয়েও বিভিন্ন মত প্রকাশ করছেন অনেকে।
জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। এ বিষয়ে রুমান আহমদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।