মৌলভীবাজার শহরে পারিবারিক একটি তুচ্ছ ঘটনা থেকে রক্তাক্ত পরিণতির অভিযোগ উঠেছে। ভাতিজাকে শাসন করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে একটি বিষয় নিয়ে মিথ্যা কথা বলায় তার চাচা তামিম তাকে শাসন করতে গিয়ে একটি চড় দেন। পরে বিষয়টি শিশুটি তার বাবাকে জানালে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে গলায় ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
নিহত তামিম আহমদ ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান। পরিবারের সদস্যরা জানান, তামিম নিয়মিত বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সহায়তা করতেন।
নিহতের বড় বোন তানিয়া বেগম অভিযোগ করে বলেন, প্রায় ছয় মাস আগে একই ব্যক্তি তার আরেক ভাইয়ের হাত কেটে দিয়েছিল। ওই ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন। এবার ছোট ভাই তামিমকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, সামান্য পারিবারিক বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে, যা এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।