কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে মৌলভীবাজার জেলা ইপিআই ভবনে, সিভিল সার্জনের কার্যালয়ে “District Level Advocacy & Planning Meeting on National Vitamin A+ Campaign-2026” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন মৌলভীবাজারের সিভিল সার্জন।
প্রেজেন্টেশনে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ২৮ জুন জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও স্বাস্থ্যকেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন বাস্তবায়নে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন সাংবাদিকদের সঙ্গে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, লক্ষ্যমাত্রা, কর্মপরিকল্পনা এবং গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।