মৌলভীবাজার প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, ‘আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া, সদস্য সচিব ইমরান খান এবং জুলাই আন্দোলনের সংগঠক বাবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ভবিষ্যতের যেকোনো অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জাতীয় স্বার্থে বিভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।