মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মৎস্যজীবীদের পাতানো মাছ ধরার জালে আটকা পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপের মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে অস্বাভাবিক বড় একটি সাপ আটকে থাকতে দেখে স্থানীয় রাজা মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে জাল থেকে উদ্ধার করেন। তবে উদ্ধারের সময় অজগরটি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল এবং কোনো ধরনের নড়াচড়া করছিল না।
পরবর্তীতে সাপটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হলে ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে অজগরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্বপন দেব সজল জানান, ধারণা করা হচ্ছে সাপটি কয়েকদিন ধরে জালে আটকা ছিল। দীর্ঘ সময় খাদ্য ও স্বাভাবিক চলাচলের সুযোগ না পাওয়ায় এটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়।
পরে মৃত অজগরটি প্রয়োজনীয় আইনগত ও সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি আবারও প্রমাণ করল, মাছ ধরার জাল শুধু জলজ প্রাণীর জন্য নয়, হাওরাঞ্চলের বন্যপ্রাণীর জন্যও এক নীরব মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে।