মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ পুরস্কৃত হন।
আলোচিত একটি হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে বিশেষ ভূমিকার জন্য রাজনগর থানার এসআই অরূপ সরকারকে এবং সাইবার মামলার আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য ও চোরাই মোবাইল ফোনসহ নগদ অর্থ উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।