মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তারা উভয়েই পূর্বে বিবাহিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে পারিবারিক সম্মতি ছাড়াই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ ও অসন্তোষ চলছিল। রোববার সকালে বাগানের পাহারাদার গাছে দুইজনের মরদেহ ঝুলতে দেখে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান। পরে রাজনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমও শুরু হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। মরদেহ দুটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চা বাগান এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টির সকল দিক খতিয়ে দেখছে।