কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
শিশুদের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
রোববার (১৬ আগস্ট) আদমপুরে আয়োজিত এ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক নীহার কান্তি দেব এবং প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সিডিপি সদস্য কৃষ্ণ কুমার সিংহ এবং শিক্ষক আব্দুস সালাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি, অনলাইন হয়রানি, সাইবার ঝুঁকি এবং সামাজিক সহিংসতার মতো বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর সামাজিক উদ্যোগ প্রয়োজন। তারা শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি দীর্ঘদিন ধরে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, স্কুলভিত্তিক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিশু সুরক্ষা নেটওয়ার্ক ক্যাম্পেইনও সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা, মতবিনিময় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে গুড নেইবারস বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে উপস্থিত দর্শকরা তা উপভোগ করেন।
আয়োজকদের মতে, শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও অধিকারভিত্তিক সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণ, সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।