কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া (পুশইন) দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা সীমান্তসংলগ্ন এলাকায় তাঁদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটকে রাখেন। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিরাপদ হেফাজতে নিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।
আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।
স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার ভোরে বিএসএফ তাঁদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বকসি টিলা এলাকায় তাঁদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাঁদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা তাঁদের চোখ বেঁধে সীমান্তের বকসি টিলা এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে।