কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদক বিরোধী যুব সমাজ’-এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১০ নম্বর রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী যুব সমাজ কমলগঞ্জের সভাপতি সৈয়দ রুমন আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ভূঁইয়া রাজন রেজা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাসেল হাসান বক্ত, ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ, ছাত্রনেতা মিল্লাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকের বিষাক্ত থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধন ও র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।