কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
জেলা কমান্ড্যান্ট ও কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযানে মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং জনসাধারণের চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম। তাঁর আহ্বানে মুন্সিবাজার ইউনিয়নের অন্যান্য ভিডিপি সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা যায়, মো. আশরাফুল আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যক্তি উদ্যোগে এমন সামাজিক কার্যক্রম এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি অন্যদেরও জনসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান