শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন। তারা সাপটি পদ্ম গোখরা (Monocled Cobra), বৈজ্ঞানিক নাম Naja kaouthia বলে জানান।
পরবর্তীতে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।