মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া মাইজদিহি চা বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানোর সময় জাহাঙ্গীর হোসেন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ কার্টুন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। প্রতিটি কার্টুনে ৪ হাজার করে মোট ৩২ হাজার শলাকা সিগারেট ছিল।
এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট আনার কথা স্বীকার করেছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।