মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করে।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মেহেদী হাসান ওরফে সকাল (৩২) ও জাহিদুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। জাহিদুল ইসলাম মো. শফিকুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদের চালান ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।