মৌলভীবাজার প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ারুল হক। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন, পুলিশের পাশাপাশি স্কাউট ও স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ স্থানে থাকা সিএনজি স্ট্যান্ড স্থানান্তর এবং শহরের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের যত্রতত্র অবস্থান বন্ধের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার কর্মকর্তা, ট্রাফিক পুলিশ, পূজা উদ্যাপন ফ্রন্ট ও পূজা উদ্যাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।