মৌলভীবাজার প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার ১ হাজার ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৬ হাজার ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্য।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট উপপরিচালক মো. রাশিদুল হাসান জন জানান, জেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের সংখ্যার দিক থেকে মৌলভীবাজার দেশের তৃতীয় বৃহত্তম জেলা বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মৌলভীবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য উদাহরণ দেওয়ার মতো। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ব্রিফিংয়ে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এ সময় পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা, প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, জনসমাগম নিয়ন্ত্রণ, নারী-শিশু ও প্রবীণদের সহায়তা এবং অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া গুজব, উসকানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং পুলিশ, প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।