‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের শুভ সূচনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, সুস্থ ও সক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা, শিশু ও মাতৃপুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার, পুষ্টিকর খাদ্য বিতরণ, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম, প্রবীণদের পুষ্টি সুরক্ষায় বিশেষ উদ্যোগ এবং সুষম খাদ্য গ্রহণে উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
তিনি আরও বলেন, পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের অর্জনকে আরও এগিয়ে নিতে এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ক বিভিন্ন বার্তা প্রচারে অঙ্গীকার ব্যক্ত করেন।