কমলপত্র প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ।
সোমবার (৪ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস।
পরিদর্শনকালে কর্মকর্তারা ধলাই নদীর ব্রিজ সংলগ্ন এলাকা, কমলগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব লঙ্গুর পার, মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট এবং কুমড়াকাপন এলাকার ভাঙন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র সংগ্রহ করেন।
এ সময় নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, “ভাঙন কবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কুমড়াকাপন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, ভানুগাছ বাজার বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রুয়েল, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহের আলী, ব্যবসায়ী মাসুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত পরিদর্শন শেষে দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা