শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলের হাইল হাওরে জেলেদের জালে ধরা পড়ল ১২ ফুট দীর্ঘ অজগর, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬


শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ। সাপটির আকার দেখে আতঙ্কিত হয়ে জেলেরা জাল ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধারকারী দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরার জন্য পাতা জাল তুলতে যান স্থানীয় জেলে নবীন ও জাবেদ। জাল টানতে গিয়ে তারা দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জালের মধ্যে আটকা পড়ে আছে। হঠাৎ এমন দৃশ্য দেখে তারা ভীত হয়ে জালটি পানিতেই রেখে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করে দ্রুত উদ্ধার সহায়তা কামনা করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিশ্চিত হন যে জালে আটকা পড়া প্রাণীটি একটি পূর্ণবয়স্ক অজগর।
এরপর উদ্ধারকারীরা হাওরের পানিতে নেমে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর জালের বিভিন্ন অংশ কেটে ও ধীরে ধীরে ফাঁস খুলে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারীরা জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৬ থেকে ১৭ কেজি।
উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে সাপটিকে তার উপযোগী প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, হাইল হাওর ও আশপাশের জলাভূমি এবং বনাঞ্চল অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর