কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে গত দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার ও রবিবার (২০ ও ২১ জুন) স্থানীয়দের সহযোগিতায় সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কাকিয়াবাজার এলাকার একটি ফসলি জমি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়। অপরদিকে রবিবার দুপুরে বরুণা হাজিপুর গ্রামের একটি বাড়ির পুকুরে মাছ ধরার জালে আটকা পড়া আরেকটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটি উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, উদ্ধারকৃত সাপ দুটি সুস্থ অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হবে।
রবিবার উদ্ধার হওয়া সাপটির বিষয়ে বাড়ির মালিকরা জানান, বেশ কিছুদিন ধরে তাদের হাঁস ও কবুতর রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। পরে ধারণা করা হচ্ছে, অজগর সাপটি সেগুলো শিকার করছিল।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করছে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রাণীগুলোকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।