শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ফুটবল উৎসব: ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা সমর্থকরা

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বিশ্বকাপের উত্তাপ নেই, নেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট। তবুও মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্রবার বিকেলটা যেন রূপ নিয়েছিল এক টুকরো লাতিন আমেরিকায়। নীল-সাদা আর হলুদ-সবুজ জার্সিতে সজ্জিত শত শত ফুটবলপ্রেমীর উচ্ছ্বাস, ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। আর সেই উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী ম্যাচ ঘিরে সকাল থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। মাঠের চারপাশে জড়ো হন নানা বয়সী দর্শক। কেউ হাতে প্রিয় দলের পতাকা, কেউ আবার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন জানাতে উপস্থিত হন।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে আজাদ দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন। গোলের পর মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল সমর্থক দল। একাধিক আক্রমণ গড়ে তুললেও আর্জেন্টিনা দলের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় সমতার দেখা পায়নি তারা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থকরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী বলেন, “গ্রাম ও পৌর এলাকার তরুণদের সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম খেলাধুলা। মাঠকেন্দ্রিক এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। বর্তমান সময়ে তরুণদের মাঠমুখী রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে ভেদাভেদ নয়, বরং ঐক্য তৈরি করে। আজকের ম্যাচে দুই দলের সমর্থকরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন, সেটি সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।”

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার (অ্যাডহক কমিটি) সদস্যসচিব মো. আবুল হোসেন বলেন, “মফস্বল ও গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতে স্থানীয় উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। তরুণদের মেধা ও নেতৃত্ব বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. শোয়েব আহমদ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর