কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়া’র অর্থায়ন ও বাস্তবায়নে স্থাপিত নলকূপগুলো মঙ্গলবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পৃথক আয়োজনে নলকূপগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নলকূপগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইডিয়ার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির সুযোগ সম্প্রসারণে তারা ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, নতুন স্থাপিত গভীর নলকূপের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন, যা স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।