দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি ও দুর্নীতির মতো জনজীবনের গুরুত্বপূর্ণ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ তার কাছে গ্যাস ও পানির সংকটের কথা তুলে ধরছেন। শহর এলাকায় বিদ্যুতের পরিস্থিতি তুলনামূলক ভালো হলেও গ্রামাঞ্চলের মানুষ তীব্র দুর্ভোগে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনজীবনের এসব সমস্যা নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন। এ বিষয়ে তিনি সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
জামায়াত আমির বলেন, বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের ভালো কাজে সহযোগিতা করা। সরকার উদ্যোগ নিলে তাদের দলও সহযোগিতা করবে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে সংসদে জরুরি আলোচনা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও বাস্তবে অনেক সংকট আরও বেড়েছে। সরকার চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং গ্যাস সংকট নিরসনে প্রত্যাশিত সফলতা দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমানের মতে, সরকারের কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও জনদুর্ভোগের কারণে সেসব কার্যক্রমের সুফল আড়ালে পড়ে যাচ্ছে।
সূত্র: দৈনিক ইনকিলাব।