কমলপত্র ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোটদানে অংশ নেননি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও তারা বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন।
ভোট না দেওয়া সংসদ সদস্যরা হলেন— বিএনপির ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি। খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানও দেশের বাইরে থাকায় ভোটগ্রহণে অংশ নিতে পারেননি বলে দলীয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে, বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং বিএনপির ড. ওসমান ফারুক ভোটকেন্দ্রে উপস্থিত হননি। তবে তাদের অনুপস্থিতির নির্দিষ্ট কারণ জানা যায়নি।
এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করে বলেন, নির্বাচনের ফলাফল আগেই অনুমেয় ছিল। তার মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ও ফলাফলের অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। এ কারণে তিনি ভোট প্রদান থেকে বিরত থাকেন।
রাষ্ট্রপতি নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জনের অনুপস্থিতি ও ভোটদানে বিরত থাকার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।