শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযানে চায়নিজ চাকু, ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক (ওসি) অমল কুমার সেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শাপলাবাগে অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চায়নিজ চাকু, ৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুজিত দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি