শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামির মধ্যে একজনকে সাত বছর এবং অন্যজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। আদালত তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এ ছাড়া একই মামলার আসামি মুহিবুর রহমানকে সাত বছর এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।