মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট ও টি-শার্ট, কয়েকটি পরিচয়পত্রের ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক দুই যুবক হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় ইমরান, মাসুমসহ কয়েকজন যুবক প্রবেশ করেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা একটি ওয়াকিটকি, পরিচয়পত্রের ছবি এবং মোবাইলে সংরক্ষিত সেনাবাহিনীর পোশাক পরা ছবি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
এক পর্যায়ে তারা স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। দাবি করা অর্থ না দিলে গ্রেপ্তার ও বিভিন্ন ধরনের হয়রানির ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে।
তাদের আচরণে সন্দেহ হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা ইমরান ও মাসুমকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।