সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। হামলায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে সহকর্মীদের নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন কবির আহমদ। পথে একটি প্রাইভেটকার বেপরোয়াভাবে চলাচল করে কয়েকবার তাদের গাড়িকে ধাক্কা দেওয়ার উপক্রম করে। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকেও হালকা ধাক্কা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায় গাড়িটি।
এ ঘটনায় মাইক্রোবাসের চালক আপত্তি জানালে প্রাইভেটকারটি সামনে গিয়ে রাস্তার ওপর থেমে তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি থেকে নেমে আসা কয়েকজন যুবক প্রথমে মাইক্রোবাসের চালককে মারধর করে। এ সময় চালককে রক্ষা করতে এগিয়ে গেলে সাংবাদিক কবির আহমদের ওপরও হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে স্থানীয় লোকজনের ভিড় ও জটলার কারণে ঘটনাস্থল থেকে হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি জানান, টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হামলায় জড়িতদের ব্যবহৃত গাড়ি ও তাদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।