কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত সমস্যা সমাধান এবং কর্মদক্ষতার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শ্রেষ্ঠ পারফরম্যান্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত অভিন্ন মানদণ্ডে মে ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন বড়লেখা থানার দেবল চন্দ্র সরকার। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সম্মাননা পান শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই সুলতান আহমেদ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন